যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে বিদ্যুৎ সরবরাহ ব্যহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২০, ২০২৬

ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই রাত ১০টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এসব অভিযান শেষ হয়। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়। আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রয়োজন হলে আরও অভিযান চালাতে তারা প্রস্তুত।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোরমোজ শহরের একটি এলাকায় যুক্তরাষ্ট্রের হামলার পর শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

খোরমোজ শহরটি বুশেহর প্রদেশের দাশতি জেলার প্রশাসনিক কেন্দ্র। এটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত এবং সেখানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে।

ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়। সূত্র: মেহের নিউজ ও তাসনিম