শীঘ্রই যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৫, ২০২৬
শীঘ্রই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ওমানে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে তিনি এ তথ্য জানান।
ইসমাইল বাঘায়ি বলেন, “তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা কয়েক দিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগিগরই নির্ধারণ করা হবে।”
মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউজের মুখপাত্র জানান, দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন।
ফোনালাপে আরাঘচি এই দেশগুলোকে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে কথা বলছি, আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি। যদি আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি, তা হলে সেটা দারুণ হবে। আর যদি না পারি, তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে। সূত্র: রয়টার্স ও আল জাজিরা























