হজ শেষে ফিরল ৬৪১৬৩ বাংলাদেশি, মৃত ৫৪

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ২৪, ২০২৬

পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব থেকে ৬৪ হাজার ১৬৩ বাংলাদেশি হাজি দেশে ফিরেছে। আজ বুধবার হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, ১৭০টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস জানায়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৯ হাজার ৮৮৮ হাজি দেশে ফিরেছে। চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৩৬ পুরুষ ও ১৮ নারীসহ ৫৪ বাংলাদেশি মারা গেছে।

তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছে। ৪১৫ বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং ১০ জন হাসপাতালে ভর্তি ছিল।

সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ৮৮০ হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৩২৫ হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা দিয়ে সহায়তা করেছে।

উল্লেখ্য, ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে প্রাকহজ ফ্লাইট সম্পন্ন হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়। এ ফ্লাইট ১ জুলাই পর্যন্ত চলবে।