হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে: ট্রাম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৫, ২০২৬
ইরানের সঙ্গে হওয়া সমঝোতার ফলে হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
রোববার বিকেলে ২৮ মিনিটের ফোনালাপে ট্রাম্প বলেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে আমি আবারও সামরিক হামলা শুরু করতে পারি। অন্যথায়, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে দায়িত্ব নেবে এবং এর বিনিময়ে অঞ্চলের আয়ের এক-পঞ্চমাংশ দাবি করবে।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত এবং পরে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূলে বদলে গেছে।
উল্লেখ্য, রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।”
এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে।”
























