হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এলে তোপের মুখে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদীর সমর্থকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যায়। স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে ঢোকায়।
বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকে। শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ড এলাকায় গুলিবিদ্ধ হন হাদি।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, “২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্তকাজ করছে।”
























