অমিতাভ পালের একগুচ্ছ কবিতা
প্রকাশিত : মে ২২, ২০১৮
নায়িকার মৃত্যু
নায়িকা মারা গেল
সাথেসাথে নিজের দুই হাতে রক্তের দাগ খুঁজলো ভিলেন
নায়ক তার মানিব্যাগ হাতড়ে বের করলো
সমুদ্রসৈকতে তোলা তাদের যুগ্মছবির একটা কপি
তারপর দীর্ঘনিঃশ্বাস ফেলে ছবিটাকে টুকরা টুকরা করে
ছুড়ে দিল বাতাসে
পরিচালকের কপাল থেকে অদৃশ্য হলো
স্ত্রীর সন্দেহের তাপে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম
আর সংবাদ মাধ্যমের অফিসগুলিতে উঠলো প্রতিযোগিতার ঝড়—
শেষবিদায় স্টোর গোরখোদক আর ফ্যানক্লাবের সভাপতির
সাক্ষাৎকার এখনো জোগাড় হয়নি
এদিকে প্রেসের চাকা ঘুরতে শুরু করেছে
নায়িকা মারা গেল
হাসপাতালের শূন্য বেডে জায়গা পেল
আরেকজন নতুন রোগী
নবায়নযোগ্য মাংস
একটা নতুন শরীর খুব দরকার
যে হরিণটাকে মেরেছিলাম ঘাড় ভেঙে—
সেটার প্রায় সব মাংসই খেয়ে ফেলেছি
বাকি যেটুকু অবশিষ্ট আছে
তাতেও পুরানো ও বাসির গন্ধ
আরো কিছুদিন থাকলে হয়তো পোকাও ধরবে
আর আমি অসুস্থ হয়ে পড়বো
ঘুমিয়ে পড়বো
বিলুপ্ত হবো
একটা নতুন শরীর খুব দরকার
একটা নতুন হরিণ
নতুন একদলা মাংস
টাটকা ও লাল
নতুন একটা কামড়
নোনতা
ঠিক মেয়েমানুষের মতো
অমানসিক
সবই চাইছি আমি
একইসঙ্গে হতে চাইছি ধার্মিক ও কমিউনিস্ট
সৎ এবং ধনী
লম্পট ও সাধু
কৃচ্ছসাধনের সাধনায় মগ্ন থাকা এক বিলাসী মাতাল
কর্পোরেট ও বিপ্লব
কবিতা এবং পুরস্কার
সবই চাইছি আমি
বাদ পড়তে একটুও ভালো লাগে না আমার
আমি একটা বোকা বাচ্চা ছেলে
সুনাগরিক
যৌন ঊন্মত্ততাই আমাকে তোমার কাছে নিয়ে গিয়েছিল
তারপরতো আমাদের বিয়ে হলো
সংসার হলো
আর আমরা আবিস্কার করলাম আমাদের স্বরূপ—
রহস্য-টহস্যের বাইরে তুমি আর আমি আসলে
অতি সাধারণ দুই মানুষ যারা সামাজিক নিয়ম-কানুনের
বাইরে পা ফেলতে ভয় পেয়ে আঁকড়ে ধরেছি নিজেদের
ফলে অসহ্য গুমোট হলেও আমরা রাত কাটাই
আমাদের নিজেদের গুহায় আর স্বপ্ন দেখি
আরেকটা কোনও আশ্চর্য রমণী বা পুরুষের
ইদানিং আমার যৌনতাও কেমন যেন মিইয়ে গেছে
পর্নোগ্রাফির গোপন দর্শক হিসাবেই মনে হয় আমি ভালো
আর তোমাকেও প্রায়ই দেখি আসন্ন মেনোপজের গল্প বলতে
আমাদের বোধহয় নতুন অভিযানে যাওয়া
আর হলো না
চলো বারান্দায় বসে বিকালের চা-টা খাই
পড়শীরা অন্তত জানুক, আমরা সুখি
আত্মজীবনী
আমি কিন্তু খুব একটা ভালো মানুষ না
সুযোগ পেলেই দৌড় দিয়ে রাস্তা পার হই
দোকানদার ভুল করে বেশি পয়সা ফেরত দিলে
বেমালুম পকেটে ভরে ফেলি
আর অন্যের প্রতিবাদ বিক্ষোভকে নিভিয়ে দেই
আপোষের ঠাণ্ডা জল ঢেলে
আমি কিন্তু খুব একটা ভালো মানুষ না
আমার আচরণ খুব হিসাব করে কথা বলে
বিভিন্ন শ্রেণির সাথে
কোথাও গদগদ করে
কোথাও ভান করে না চেনার
কোথাও আবার রুঢ়ভাবে মুখ ফিরিয়ে নেয়
আমার খুব ভালো লাগে ভালো মানুষের পোশাক পরে ঘুরতে























