আজ ১০ টাকার নতুন নোট আসছে বাজারে
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০২৬
নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার থেকে প্রচলন করা হবে। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) সোমবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে।
এ পর্যায়ে গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট ৩ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেওয়া হবে। নোটটি সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মি.মি. x ৬০ মি.মি.। নোটের সম্মুখ ভাগের বামপাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে।
নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল।টাইগারের মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে 10 এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে।
নোটটির সম্মুখভাগে বাম পাশে ২ মি.মি. চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে যাতে ৳১০ দশ টাকা খচিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। এছাড়া, নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়। নোটটিতে গভর্নরের স্বাক্ষরের ডানপাশে See-Through image হিসেবে একটি প্যাটার্ন মুদ্রিত রয়েছে; যা আলোর বিপরীতে ধরলে ১০ লেখা দৃশ্যমান হবে।
এছাড়া নোটের সম্মুখ ভাগের ওপরে বাংলাদেশ ব্যাংক লেখার নিচে সমান্তরালভাবে এবং পেছনভাগের বাম দিকের গ্রিডিশ প্যাটার্নের বাহিরের অংশে Microprint হিসেবে BANGLADESH BANK মুদ্রিত রয়েছে। নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ১০ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে।
মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে; যা টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
























