‘আন্দোলন দমনে ৩ লাখ ৫ হাজার গুলি ছুড়েছিল পুলিশ’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় রাষ্ট্রপক্ষের ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে জবানবন্দিতে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আন্দোলন দমনে সারাদেশে ৩ লাখ ৫ হাজার ১১ রাউন্ড গুলি ছুড়েছিল পুলিশ। এর মধ্যে রাজধানী ঢাকা শহরে ব্যবহার করা হয়েছিল ৯৫ হাজার ৩১৩ রাউন্ড। তদন্তকালে পুলিশ সদর দপ্তর থেকে জুলাই আন্দোলন দমনে ছাত্রজনতার ওপর ব্যবহৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ২২৫ পৃষ্ঠার প্রতিবেদন ২৫ ফেব্রুয়ারি আমি পাই।”
আলমগীর বলেন, “প্রতিবেদনে দেখা যায়, এলএনজি, চাইনিজ রাইফেল, শর্টগান, রিভলবার ও পিস্তলসহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র ব্যবহার করে শুধু ঢাকা শহরে ৯৫ হাজার ৩১৩ রাউন্ড ও সারাদেশে ৩ লাখ ৫ হাজার ১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয়।”
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে আলমগীর এ জবানবন্দি দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে রোববার আলমগীর প্রথম দিনের জবানবন্দি দেন। আজ সোমবার দ্বিতীয় দিনের জবানবন্দি চলে এবং তা অসমাপ্ত রেখে শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।























