আবু তাহের সরফরাজের ছড়াঙ্ক

প্রকাশিত : জুলাই ২৯, ২০১৮

এক.
১টি গাছে ৩টি পাখি
২টি এলো আরও
গাছে এবার কয়টা পাখি
বলতে কি ভাই পারো?

দুই.
এই ঘরে ছায়াবীথি ১ জন
ভিনদেশ থেকে যদি
আসে আরও ৭ জন
ছায়াবীথি কয় জন?

তিন.
মিঁউ মিঁউ ম্যাঁও এলো
আর এলো ন্যারো
কয়জন এলো তারা
বলতে কি পারো?

চার.
১টি গাছে ৩টি পাখি
করছে ডাকাডাকি
১টি উড়ে গেলে বলো
কয়টি থাকে বাকি?

পাঁচ.
এক বনে দাঁড়কাক ১০টি
৪টি মরে গেলে
বেঁচে থাকে কয়টি?

ছয়.
একটি ডোবায় ২০টি ব্যাঙ
বিষ্টি এলে ডাকে ঘ্যাং
১০টি যদি না ডাকে তো
ডাকবে বলো কয়টি ব্যাঙ?

সাত.
একটি বইতে ছবি আছে ৭টি
৩টি দেখলে বাকি থাকে কয়টি?

আট.
প্রতিদিন ২৪ বার
ফোনে ফোনে কথা হয় তার।
একদিন বাদ গেলে ১৭ বার
৬ দিনে কথা হবে কতই বা আর?

নয়.
১ ঘরে ৭ জন
চায় তারা নাচতে
৩ ঘরে কয়জন
যাও বলে আস্তে।

দশ.
একটি ছাগলের ৩টি বাচ্চা।
আচ্ছা, তাই যদি হয়
৯টি ছাগলে ক’ বাচ্চা হয়?

এগারো.
এই যে ফুলের বাগানে
১০টি ফুলের টাকা নে।
একটি ফুলের দাম ২০
১০টি ফুলে কত দিস?

বারো.
ফাও এসে বলল, দ্যাও ২০ টাকা
২ জন মিলে কাল যেতে চাই ঢাকা।
২ জন যেতে যদি লাগে টাকা ২০
৪ জন যেতে কত, বলতে পারিস?

তেরো.
ছায়াবীথি চকলেট কিনল ৮টা
খাবে তা ২ জন, করো দেখি বাট্টা।

চৌদ্দ.
লিখছি ছড়া-পদ্য
আম পেয়েছি ১৪।
হঠাৎ এলো বাঘ
চাইল সমান ভাগ।

কয়টি দেব? কয়টি দেব?
আমিই বা হায় কয়টি নেব?
লাগল খুবই দ্বন্দ্ব
আম খাওয়া তাই বন্ধ।

বলতো ন্যাওটা,
বাঘ পাবে কয়টা?

পনেরো.
ধানখেতে ধান কাটে
১৬ জন লোক
২ দলে ভাগ হয়ে
খাবে তারা কোক।

একদলে কতজন, বলতে পারলে
কোক এনে খাওয়াবে মহাজন কার্লে।