অলঙ্করণ: দীপাঞ্জন সরকার
আবু তাহের সরফরাজের দরবেশি কবিতা
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০১৭
দুই পথিক
দুই পথিক চলেছেন রাস্তা দিয়ে, খা খা দুপুর
ঝলমলে রোদ আর ছায়ার মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা, যেন
তারা হাঁটছেন আর তাদের পায়ের মধ্যে থেকে বেরিয়ে আসছে রাস্তা
আর দুই পথিক হারিয়ে ফেলছেন পেছনের পথ
যেন তারা পর্যটক
তাদের ঝুলি ভরে ওঠে জগতের টুকিটাকি দিয়ে
যেতে যেতে তারা ক্লান্ত হয়, বসে
গোধূলি-নদীর তীরে
তারপর তাদের ঘুম পায়, তবে তারা উঠে পড়ে নদী পেরোবে বলে
দুই পথিক সাঁতরে নদী পেরোতে থাকে
তবে একজন ডুবতে থাকে
তার ঝুলিতে জগতের এত ভার যে, সে ডুবতে থাকে
আরেক পথিক দিব্যি সাঁতরে যেতে থাকে, কেননা
পৃথিবীর কিছুই সে জমা করেনি, তার
অস্তিত্বের অনুভূতি ছাড়া।
প্রতিটি জ্ঞানই এক একটি বিভ্রান্তি
প্রতিটি জ্ঞানই এক একটি বিভ্রান্তি
কেননা তা জগৎ ও মানুষের নিজের বিষয়ে
অনেক মত আর চোরাগোপ্তা নানা পথ তৈরি করে
তারমানে, যত জ্ঞান তত গোলোকধাঁধা
আজ পর্যন্ত বিশেষ কোনো মতে একপথে পৃথিবীর সব মানুষ হাঁটেনি
হাঁটলে পৃথিবীর আরেকদিক হেলে পড়ত
আর তাই
জগতে চূড়ান্ত কথা কিছু নেই
জ্ঞান মানুষকে গোলোকধাঁধায় ঘুরিয়ে শেষপর্যন্ত
এই একই সত্য প্রকাশ করে, যেন সাইনবোর্ড
‘প্রতিটি জ্ঞানই এক একটি বিভ্রান্তি’
জীবন ও জগতের দিকে সহজ চোখে তাকাও
যা দেখছ, তা এমনই
যা দেখছ না, তা তুমি
তোমার ভেতরই অদৃশ্য সেই দৃশ্যের জগৎ
অদৃশ্য এ জগৎ জগতের সব মানুষের ভেতরই আছে
তবে আলাদা আলাদা, কেননা
জগতে যত মানুষ তত চিন্তা
সুতরাং জীবন সহজ
জীবনের দিকে সহজ চোখে তাকাও।
চলো, মানুষের মতো খেলাধুলা করি
পাথর ভেঙে গড়িয়ে দিচ্ছ
ওপর থেকে নিচে গড়িয়ে পড়ছে পাথর
তুমিই আবার নিচের থেকে গড়িয়ে দিচ্ছ
নিচের থেকে গড়িয়ে পড়ছে পাথর
তুলে নিচ্ছি আমি। তুমি হাসছ আর গড়িয়ে দিচ্ছ পাথর...
এই খেলা জনে জনে রটে গেল ভবে
ফলে মানুষ শিখে গেল আমাদের কৃৎকৌশল
তারা এখন পাথর গড়িয়ে দিচ্ছে
তারা এখন পাথর কুড়িয়ে নিচ্ছে
তারা শুধু জানলো না হাসির রহস্য, চলো
আমরা এবার পাথরভাঙার কাজ করি
দু’চারটে পাহাড় ভাঙি, এরপর
সিসিফাসের সাথে এসো লেগে যাই অর্থহীন কাজে
এদিকের পাথর ঠেলতে ঠেলতে ওদিকে নেই
ওদিকের পাথর ঠেলতে ঠেলতে এদিকে নেই
এই খেলাও বেশ প্রাচীন
হাজার হাজার বছর ধরে মানুষ খেলে আসছে
ব্যক্তিজীবন খেলছে সমাজজীবনে
সমাজজীবন খেলছে রাষ্ট্রীয় জীবনে
চলো, মানুষের মতো তাই আমরাও খেলাধুলা করি।
ঘটনা
বিদ্যুচ্চমকের মতো ঘটে গেল ঘটনা
বিদ্যুৎ একপ্রকার শক্তি
ঘটনাও একপ্রকার শক্তি
ঘটে শক্তির বিস্ফোরণ
সুতরাং ঘটনা যে বহন করে
সে আর
আগের মানুষ থাকে না
প্রতিটি ঘটনা একই মানুষকে
বারবার হত্যা করে
বারবার জীবিত করে।
যা ভুল তাই ঠিক
রূপম, রে পাগলা
যা ভুল তাই ঠিক
চারদিকে দশ দিক
দশদিকে দশ মত
আমাদের নদীপথ
নদীপথে চলাচল
ঝুঁকি থাকে কীনা বল?
তাই ভব দুনিয়ায়
ভুলভাল ভুলি আয়।
যা ঠিক তাই ভুল
সংসারে এই মূল
রিপা আর ছায়াবীথি
হাসতেছে, দ্যাখো দেখি!
দুই.
আমাদের বোধগুলি
কথা আর রঙতুলি।
কত কত কথা সে
লিখে রাখে বাতাসে।
লেখে যা কবিতায়
বলে তা, ছবি চাই।
ঠিকঠাক ছবি এঁকে
তাই সে বই লেখে।
আমাদের বোধগুলি
ভোঁতা হলে বই খুলি।























