আমি না থাকলে ইজরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৭, ২০২৬

আমি না থাকলে ইজরায়েলের অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি–৭ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার সমর্থন ছাড়া ইজরায়েলের অস্তিত্ব টিকে থাকত না। যুক্তরাষ্ট্র ছাড়া ইজরায়েলের অস্তিত্ব থাকত না। আমি না থাকলেও ইজরায়েল টিকে থাকত না। কারণ আমি যা করেছি, তা করার সাহস বা ইচ্ছা অন্য কোনো প্রেসিডেন্টের ছিল না। আমি জড়িত না হলে ইজরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত।”

সম্প্রতি লেবাননে ইজরায়েলের হামলা এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প এ মন্তব্য করেন। তার মতে, বৈরুতে ইজরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনও ভালো। তবে লেবানন ইস্যুতে তিনি ইজরায়েলি প্রধানমন্ত্রীকে আরও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্রাম্প বলেন, “বিবির (নেতানিয়াহু) সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। কিন্তু এখন লেবাননের বিষয়ে তাকে আরও দায়িত্বশীল হতে হবে।”

লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “একসময় লেবানন ছিল একটি মহান দেশ। সেখানে অসংখ্য অধ্যাপক, চিকিৎসক ও আইনজীবী ছিলেন। অনেক মেধাবী মানুষ লেবাননে বাস করতেন। কিন্তু এখন দেশটির অবস্থা খুবই খারাপ।”

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির আগে বৈরুতে ইজরায়েলের হামলায় ট্রাম্প অসন্তুষ্ট হয়েছেন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হামলার বিষয়টি জানতে পেরে আমি বিস্মিত হই। কারণ এর আগে সংশ্লিষ্ট পক্ষগুলো একে অপরকে আক্রমণ না করার বিষয়ে সম্মত হয়েছিল।”

ট্রাম্প আরও বলেন, “এটি খুবই খারাপ ছিল। আমি বিশ্বাসই করতে পারিনি। আমাদের চুক্তি স্বাক্ষরের মাত্র এক ঘণ্টা আগে এটি ঘটেছে। বিবিকে কেন এই জঘন্য হামলাটি করতে হলো? আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম এবং তাকে তা জানিয়েছি।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির অন্যতম শর্ত হবে লেবাননের যেসব এলাকা চলমান সংঘাতের সময় ইজরায়েল দখল করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহার।”

তিনি আরও বলেন, “যুদ্ধ চলাকালে দখল করা অঞ্চলগুলো থেকে ইজরায়েলি বাহিনী সরে না যাওয়া পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।”

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় থাকা সম্ভাব্য চুক্তিতে ইজরায়েলি সেনা প্রত্যাহারের কোনো শর্ত নেই। নেতানিয়াহুও বলেছেন, প্রয়োজন হলে ইজরায়েল দীর্ঘ সময় লেবাননে অবস্থান করবে।