আমি রোহিঙ্গা

কামরুজ্জামান কামু

প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০১৭

আমার এই নাড়ি টেনে ছিঁড়ে ফেল
নাফ নদী যাক ভেসে
আমার রক্ত ছিটকে পড়ুক
ওপারে বাংলাদেশে

আমি মানুষ না আমি রোহিঙ্গা
আমাকে হত্যা কর
আমার আল্লাহ্‌ বড় বেরহম
নাই কোনো ঈশ্বর

আমার আকাশ নাই তো আমার
আমার নাই রে মাটি
জন্মের থেকে মৃত্যু অবধি
কাতরে কাতরে হাঁটি

আমি তোর বুকে জন্মাই মাগো
তবু আমি তোর পর
দাউদাউ ক`রে বার্মার বুকে
পুড়ে গেছে মোর ঘর

আমি রোহিঙ্গা বিশ্বাস করো
আমার রক্ত লাল
ওহে পৃথিবীর পয়গম্বর
খাপখোলা তরোয়াল

ধর্ষণ কর আমাকে আমার
লাল রক্তের নদী
বয়ে চলে যাক বার্মার বুকে
অনন্ত নিরবধি

আমি রোহিঙ্গা ওহে গৌতম
আমাকে হত্যাকারী
বুকে গুলি কর মুখে গুলি কর
বার্মার মিলিটারি

আমি নিপীড়িত আমি রোহিঙ্গা
দিগম্বরের বেশে
নিখিল-বিশ্ব হামাগুড়ি দিয়ে
এসেছি বাংলাদেশে