আল্লাহর কসম, জনগণের সম্পদে আমরা হাত দেব না: জামায়াত আমির
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৬
রাষ্ট্র-ক্ষমতায় গেলে জগগণের সম্পদে হাত দেবেন না বলে আল্লাহর নামে কসম করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার দুপুরে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিজ্ঞা করেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, “১২ ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম জনগণের সম্পদের ওপর আমরা হাত দেব না।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না। প্রতি বছর আয়-ব্যয়ের হিসাব তুলে ধরব। চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়।”
ডা. শফিকুর রহমান বলেন, “মেহেরপুর ছোট জেলা, মাত্র ৩টি উপজেলা। মানুষ একে অপরকে চেনে। অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় গেলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। তাদের কাজ দেব, যাতে চাঁদাবাজি করতে না হয়।”
তিনি আরও বলেন, “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট। সবাই ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করলে দেশ বিজয়ী হবে। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতি করতে গেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
জামায়াতে ইসলামীর আমির বলেন, “কেউ বলতে পারবে না, আমাদের সময় দুর্নীতি হয় নাই। কেউ বলতে পারবে না, আমাদের সময় দেশের মানুষের সম্পদ লুট হয় নাই। কেউ বলতে পারবে না, আমাদের সময় ব্যাংক ডাকাতি হয় নাই। তারা বলতে পারবে না, আমাদের শিশুদের ভবিষ্যতের শিক্ষা দিতে পারে নাই।”
ডা. শফিকুর রহমান বলেন, “৫৪ বছরে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণ সমাজ মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের জন্য আমাদের মায়া হয়। দায়িত্ব পেলে দেশকে ফুলের মতো সাজাবো, যাতে মানুষ দেশ নিয়ে গর্ব করতে পারে। আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না। মানুষ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কাকে ভোট দেবে।”
তিনি আরও বলেন, “আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও নয়। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব। তরুণদের শক্তিতেই দেশ এগিয়ে যাবে। সেই লক্ষ্যে যুব সমাজকে প্রস্তুত করা হচ্ছে।”
মেহেরপুর-১ আসনের প্রার্থী মাও. মো. তাজউদ্দীন খান এবং মেহেরপুর-২ গাংনী আসনের প্রার্থী মো. নাজমুল হুদার সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন: জেনারেল ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় অধিকার পরিষদের সেক্রেটারি আমিরুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সোহেল রানা, জেলা জামাতের সেক্রেটারি মো. ইকবাল হোসাইন প্রমুখ।
























