অলঙ্করণ: রিফাত বিন সালাম
আশিক আকবরের গুচ্ছ কবিতা
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০১৮
যাই
তোমাদের সাথে আর
দেখা হইবার
রহিলো না।
জলের উপর
বাসা করে
বেদেনীর সাথে চলিলাম।
ও গোখরা,
বীণের সুরের সাথে নাচো!
অরণ্য বাস ছাড়ি আসিয়াছি
রহু চণ্ডালের হাড়
আনি নাই।
বশীকরণ তাবিজ
তাও তো দেখছি নাই।
নন্দিনী ২
হারিয়েছি প্রিয় পাখিদের।
সূদুরের এই গাঁয়ে হারালাম।
ঘাসসম ঘাসে মিশে রইলাম।
হারানো তো আজকাল ফিরে পাইবার সম্ভবনা থাকেই না
হারিয়ে যেও না...
মৌনপর্ব ১
পাতাটার
হাঁটাটার
কথা শেষ।
আমাদের এবার বুঝতে হবে
নদী আকাশ সমুদ্র
শস্যজমি বৃক্ষ মরুভূমি বাতাসের কোনো কথা আছে কীনা
বুঝতে চাইলে
থাকো
চুপ করে থাকো
মৌনপর্ব ২
আইডি ডিএ্যাকটিভ
ইনবক্স অফ
ফোন ব্যস্ত
ইচ্ছাকৃত ব্যস্ত
ব্যস্তই
এখন মৌনতার দিকে
হ্যালুসিনেসনের দিকে
স্বপ্নের দিকে
যেতে হচ্ছে
মনোবিজ্ঞানীর কাছে যাওয়ার আর সব সুস্থতার পথ রুদ্ব।
যাই করো অগম্যা গমনা,
এক হাজার একটা রাস্তা ধরেই,
কাছে তো যাবই।
কেউ কিছু বুঝার আগেই যাব।
ফিরবার পথে কোনো কথা নেই।
মৌনতার ভাষা বুঝতে বুঝতে
অবিশ্বাসে এসো
বিশ্বাসেই এসো
এসো
বাকি বেলাটুকু বাতাসে ভাসিয়ে ভেলা
যাই
কবিতার কবিতা
ইস যদি আবার সতীর্থ হইতাম।
হৃদয়ের কথা লুকিয়েই রাখতাম।
হৃদয় প্রকাশের লজ্জায় বেঁচে থাকাই দায়।
একটা মানুষ পারে কি করে
এক আশাতেই এতবার হুমড়ি খেয়ে পড়ে!























