আসিফ ইলাহী রনকের একগুচ্ছ কবিতা
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০১৮
নিশিযাপন
রাতের সাথে পাল্লা দিয়ে আসে নিদ্রাহীনতা
নিঃসঙ্গতার কপালে দেয় চুম
তারপর একা একা বলে কথা
স্মৃতির রোমন্থনের পড়ে ধুম
সহসা এলে তন্দ্রা
তাড়া করে স্মৃতির বারান্দা
অতঃপর নিশির দীর্ঘ উঠান পেরিয়ে
আসে ভোরের সোনামাখা জমিন
এমন অভ্যস্ত ত্যাগের বিনিময়ে তো
এমন মায়াময় ভোর পাবারই কথা ছিল
হাসার কথা ছিল গেল রাতের অপ্রাপ্তি ভুলে!
বিনোদিনী
যখন কবিতার শরীরে ঘোড়শীকে লিখি
তখন তার শরীরে কোনো সরীসৃপ
ইচ্ছায়, অনিচ্ছায়, অভ্যাসে কিংবা দায়ে।
জলের ধারায় সে ধুয়েমুছে এলে
তার আবার নতুন হাতের স্পর্শ মেলে
কেউ টাকায়, কেউ ভালোবাসায় তাকে পায়।
অন্যপাড়ে বসে সে জলেই
নিয়ম মেনে মুখ, হাত, পা ধুয়ে
কেউ দাঁড়ায় প্রার্থনায়!
চক্ষু সমুদ্রে
একটা ফেনিল সাগর পেরিয়ে
যেতে চাই সুদূরে হারিয়ে
কতটা জল রাখে আর সাগর,
চোখ জোড়া বেঁধেছে সাগরে ঘর!
জীবন যেমন
জীবন কারোর কাছে ফুলের বিনিময়ে ভাতের গন্ধ
জীবন কারোর কাছে দারিদ্রতায় স্বল্প বসন
জীবন কারোর কাছে ফ্যাশনে স্বল্প বসন
জীবন কারোর কাছে খাবার খুঁজতে
ডাস্টবিনে যাওয়া
জীবন কারোর কাছে তুমুল বিলাসিতা
দুহাতে ছড়ানো বিত্ত যেন হাওয়া
আহা! একই মানুষ, ভিন্ন জীবন!























