ইজরাইলকে জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে: হামাস
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৪, ২০২৫
ইজরাইলকে জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক। শনিবার ইজরায়েলে ইরানের পাল্টা হামলার পর বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
হামাসের আনুষ্ঠানিক টেলিগ্রাম অ্যাকাউন্টে বিবৃতিটি শেয়ার করা হয়। বিবৃতিতে রিশেক বলেন, “ইজরাইলকে শক্ত জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে, কোনো ঔদ্ধত্যই বিনা জবাবে পার পায় না, কোনো আগ্রাসনই শাস্তি ছাড়া পার পায় না।”
তিনি আরও বলেন, “ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠিকই ভূখণ্ডটির ভেতরে ঢুকে সফলভাবে লক্ষ্যভেদ করেছে।”
ইজ্জাত আল রিশেক বলেন, “ইজরাইলকে জবাব দেওয়ার মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর তা হলো, যেই হামলা করুক তাকে মূল্য চুকাতে হবে।”
শুক্রবার ভোরের দিকে ইজরায়েলি সামরিক বাহিনী বিমান ও ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৯ বিজ্ঞানী নিহত হন।
শনিবার ইজরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের পরমাণু প্রকল্পে যুক্ত শীর্ষস্থানীয় ৯ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী।
অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, “ইজরাইলি হামলায় এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছে।”
ইজলায়েলি হামলার প্রতিশোধে ইজরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবসহ গুরুত্বপূর্ণ শহরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে জেরুজালেম ও তেল আবিবের বেশ কিছু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি হামলায় ইজরায়েলে অন্তত তিনজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। সূত্র: আল জাজিরা






















