ইজরায়েরি হামলায় গাজায় একদিনে নিহত ৩২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫
ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৩ ত্রাণপ্রার্থী ছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কয়েকটি চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজা সিটির একটি আবাসিক ভবনে ইজরায়েলি বিমান হামলায় আটজন নিহত হয়েছে। শহরের তুফাহ এলাকায় আরেকটি হামলায় দুজন নিহত হয়।
স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অপুষ্টিতে চারজন মারা গেছে।
ইজরায়েলের মন্ত্রিসভা সম্প্রতি গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়িত হলে লাখো ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় গাদাগাদি করে বসবাস করতে বাধ্য করা হতে পারে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে, এমনকি ইজরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকেও এর বিরোধিতা এসেছে।
ইজরায়েলি হামলায় উত্তর গাজার বড় অংশ এখন নিষ্প্রাণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা সিটির বাসিন্দারা নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত। কারণ শহর ছাড়ার নির্দেশ দিয়ে ইজরায়েল তাদের আরও দক্ষিণে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সূত্র: আল জাজিরা























