কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ
ইজরায়েলকে কোনো অস্ত্র সরবরাহ নয়, পুনর্ব্যক্ত করল কানাডা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৩, ২০২৫
ইজরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্য রপ্তানি বন্ধে কানাডা তার অবস্থান ফের স্পষ্ট করল।
শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বিবৃতিতে বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেওয়া হয়নি।’
২৯ জুলাই প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে ইজরায়েলে এখনও অস্ত্র যাচ্ছে। এই প্রতিবেদন প্রত্যাখান করে আনন্দ বলেন, “প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর ও বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।”
তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়।”
আনিতা বলেন, “যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে তাহলেও সেটির জন্য লাইসেন্স লাগবে। আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না। লাইসেন্স স্থগিত হওয়ার আগ থেকেই কোনো কানাডিয় প্রতিষ্ঠান ইজরায়েলের মর্টার সরবরাহ করেনি।”
তিনি আরও বলেন, “কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যার মধ্যে জরিমানা, জব্দ ও ফৌজদারি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।”
উল্লেখ্য, ২৯ জুলাইয়ের প্রতিবেদনে ৪টি এনজিও— ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়্যার, ফিলিস্তিনি যুব আন্দোলন, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট এবং ইনডিপেনডেন্ট জিউিশ ভয়েসেস ইজরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্য উদ্ধৃত করে দাবি করে, মিলিটারি ওয়েপন পার্টস ও অ্যামুনিশন নামের কানাডিয় সামগ্রী এখনও ইজরায়েলে যাচ্ছে।
মঙ্গলবার অটোয়ায় সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি যুব আন্দোলনের ইয়ারা শুফানি বলেন, “এই তথ্য থেকে স্পষ্ট, কানাডা সরকারের অস্বীকার সত্ত্বেও দেশটি ইজরায়েলকে এখনো বাস্তবিক সহায়তা দিচ্ছে। সংগঠনগুলো কানাডা থেকে ইজরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রমাণ হিসেবে বাণিজ্যিক শিপমেন্টের কাগজপত্রও উপস্থাপন করেছে।” সূত্র: আনাদোলু























