ইজরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৪০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৪, ২০২৫
ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ ফিলিস্তিনি নিহত ও ২০৮ ফিলিস্তিনি আহত হয়েছে। মঙ্গলবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইজরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে নিহতের সংখ্যা ৫৪ হাজার ৫১০ ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৯০১।
বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছে। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না। চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়, তা ১৮ মার্চে বাতিল করে ইজরায়েল হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইজরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২৪০ ফিলিস্তিনি নিহত ও ১২ হাজার ৮৬০ ফিলিস্তিনি আহত হয়েছে। ইজরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, ইজরায়েলের বর্বর আক্রমণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এছাড়া গাজার বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয় ইজরায়েল। সূত্র: আনাদোলু






















