ইজরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৭৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০২, ২০২৫
ইজরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার গাজার জায়তুন এলাকা আল ফালাহ স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
স্কুলটি কয়েকশো বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই এলাকায় ইজরায়েল স্থল অভিযান সম্প্রসারণের পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চালাচ্ছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি হামলায় অনেকে গুরুতর আহত হয়। তাদের মধ্যে একজন পরে মারা যায়।
গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খলিলি বলেন, “প্রত্যক্ষদর্শীরা বলেছে, সিভিল ডিফেন্স দল ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ উদ্ধার করতে গেলে সরাসরি হামলা চালানো হয়, এতে তাদের অনেকে গুরুতরভাবে আহত হয়।”
আল আহলি আরব হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন নিহত ও অনেকে আহত হয়েছে।
দারাজ এলাকার এক বাড়িতে ইজরায়েলি হামলায় সাতজন নিহত ও অনেকে আহত হয়। এছাড়া দক্ষিণ-পূর্ব জায়তুন এলাকায় আরেক হামলায় এক শিশু নিহত হয়। শেষ নিহতদের মধ্যে অন্তত ৪৭ জন গাজা সিটির বাসিন্দা।
ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বুধবার গাজা সিটিতে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। গত সপ্তাহে চিকিৎসা সেবাদানকারী সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ) একই ঘোষণা দিয়েছিল।
আইসিআরসি বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে আমরা গাজা সিটির বেসামরিক জনগণকে সহায়তা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। আমাদের দেইর আল-বালাহ ও রাফাহ অফিস সম্পূর্ণভাবে কার্যকর রয়েছে। সূত্র: আল জাজিরা























