ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৯৭
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৪, ২০২৫
ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৯৭ ফিলিস্তিনি নিহত ও ৪৪০ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার এ তথ্য জানায়।
এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত ইজরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫৪,৬০৭। এর আগের কিছু হামলায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদেরকে আগে নিহত হিসেবে গণনা করা হয়নি।
চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইজরায়েল ৪,৩৩৫ ফিলিস্তিনিকে হত্যা করে এবং ১৩,৩০০ জনকে আহত করে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় গাজায় আহত হয়েছে ১,২৫,৩৪১ জন।
গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।
ইজরায়েলি সেনাবাহিনী গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত মার্কিন-সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের ধারেকাছে না যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, সংস্কার, পুনর্গঠন ও দক্ষতা উন্নয়নের কাজের’ জন্য এ কেন্দ্র পুরো একদিনের জন্য বন্ধ থাকবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের ওপর ভোট দিতে চলেছে। তবে এতেও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার আশঙ্কা রয়েছে।
মূলত নিহতের এই নতুন পরিসংখ্যান ও ত্রাণ সহায়তাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার গাজায় মানবিক বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে। সূত্র: আল জাজিরা






















