ইজরায়েলি হামলায় গাজায় বুধবার নিহত ১০০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৪, ২০২৫
গাজায় বুধবার থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত ও ১২ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে হামলা তীব্র হয়েছে, যেখানে শুধু গাজা সিটিতেই ৬১ জন নিহত হয়েছে।
গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে চেষ্টা চালানো লোকজনের ওপরও ইজরায়েলি বিমান হামলায় বুধবার অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়।
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহ’র উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইজরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়।
গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার হিসাবে, উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে ১৪ জন নিহত ও ১১৩ জন আহত হয়। সব মিলিয়ে খাদ্যের সন্ধানে থাকা অন্তত ৩৭ বুধবার নিহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুসহ আটজন মারা গেছে। এর ফলে গাজায় মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা ২৩৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৬ শিশুও রয়েছে। সূত্র: আল জাজিরা























