ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ১৯, ২০২৫
যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্র তথ্য দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে এ ধরনের পদক্ষেপের প্রস্তুতি চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা আগামী দিনে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। সেখানে বলা হয়েছে, এটা ইঙ্গিত দিচ্ছে যে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামোগতভাবে প্রস্তুতি চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ফেডারেল সংস্থার শীর্ষ নেতারাও আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
ইজরায়েল ও ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে, যার বিরোধিতা করেছে বিক্ষোভকারীরা। তারা আহ্বান জানিয়েছে, মার্কিন প্রশাসন যেন এই সংঘাতে আরও গভীরভাবে সম্পৃক্ত না হয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও এটা কঠিন। আমি নিশ্চিত নই, সংঘাত কতটা দীর্ঘ হবে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। আমি বিশ্বাস করি, ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ।” সূত্র: আল জাজিরা























