ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের শক্তিশালী একটি যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ বেশ কিছু গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে।
ট্রাম্প বলেন, “মূলত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না। তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”
মার্কিন কর্মকর্তাদের মতে, জাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই পদক্ষেপ মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়িয়ে দেবে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবারও তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে বা বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র পুনরায় কঠোর ব্যবস্থা নেবে।
বিক্ষোভ দমনে ইরানের ভূমিকার কঠোর সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, তার দেওয়া হুমকির কারণেই ইরান প্রায় ৮৪০টি ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
তিনি বলেন, “ইরানকে আমি আগেই সতর্ক করেছিলাম, বন্দিদের হত্যা করা হলে দেশটিকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে।”
অতীতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য ও এই নৌবহরের যাত্রা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সূত্র: রয়টার্স
























