ইরানের হামলা নিয়ে আরব লিগের জরুরি বৈঠক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৭, ২০২৬

বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে রোববার জরুরি বৈঠক করবে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

হোসাম জাকি বলেন, “কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান ও মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইজরায়েলও।

হামলার পাল্টা জবাবে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। সূত্র: এএফপি