‘ইসলাম সত্য ও ন্যায়ের ধর্ম’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ০৪, ২০২৫
ইসলাম সত্য ও ন্যায়ের ধর্ম বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার তেহরানের দক্ষিণে ইমাম খোমেনির সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ১৯৮৯ সালের ৩ জুন ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করা হয়। স্মরণ অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। তবে জাতির শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার নিয়ে কোনোভাবেই আপস করবে না।”
তিনি আরও বলেন, “যদি আমরা ইমাম খোমেনির বাণী অনুসরণ করি এবং তার দেখানো পথেই চলি, তবে কোনো শক্তিই আমাদের নত করতে পারবে না। তারা (যুক্তরাষ্ট্র) আমাদের বলে, তোমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নেই। কিন্তু কোনো স্বাধীনতাপ্রেমী ব্যক্তি এই ধরনের দমন নীতিকে মেনে নেবে না।”
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমাদের পারমাণবিক অধিকার নিয়ে যারা স্বপ্ন দেখছে তারা স্বপ্নই দেখে যাক। আমরা কোনোভাবেই আপস করব না। আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তবে আমাদের অধিকার রক্ষা করবোই।”
তিনি আরও বলেন, “ইসলামি দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য শত্রুরা নানা ধরনের ষড়যন্ত্র করছে। ইমাম খোমেনির শিক্ষা অনুযায়ী মুসলমানদের উচিত, ঐক্য গড়ে তুলে ফিলিস্তিনে দখলদার জায়নিস্টদের অপরাধের জবাব দেওয়া। ইসলাম সত্য ও ন্যায়ের ধর্ম। আমাদের দেশের সকল সমস্যার সমাধান সম্ভব, যদি জাতি ঐক্যবদ্ধ থাকে।”
পেজেশকিয়ান বলেন, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে শত্রুতা তৈরি করতেই শত্রুরা জাতিগত ও বর্ণগত বিভেদ উসকে দিচ্ছে। আমরা কখনো আমাদের মুসলিম ভাইবোনদের বিরুদ্ধে অবস্থান নেব না।”
উল্লেখ্য, ইমাম রুহুল্লাহ খোমেনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা, ১৯৮৯ সালের ৩ জুন ইন্তেকাল করেন। তার মৃত্যুর ৩৬ বছর পরেও তার জীবনদর্শন ও রাজনৈতিক উত্তরাধিকার এখনো বিশ্বব্যাপী বহু মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। সূত্র: মেহর নিউজ






















