ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষে নিহত ৫০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৬, ২০২৬

ইয়েমেনের সরকারের অনুগত বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছে। ২০২২ সালে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর দেশটিতে হওয়া বড় ধরনের সংঘাতগুলোর মধ্যে এটি অন্যতম।

শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উভয় পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সরকারি বাহিনীর ২৬ সেনা সদস্য নিহত হয়। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর চিকিৎসা ও সামরিক সূত্র জানিয়েছে, এই লড়াইয়ে তাদের ৩১ যোদ্ধা নিহত হয়েছে।

ইয়েমেনের সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, কেবল সামরিক সদস্যই নয়, সংঘর্ষে বেসামরিক মানুষও নিহত হয়েছে।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়েজ শহরের একটি স্থানীয় হাসপাতাল সূত্র জানায়, যাত্রীবাহী একটি বাসে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত এবং সাতজন আহত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের স্বীকৃত সরকার শুক্রবার থেকে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে। এর জের ধরেই দুই পক্ষের মধ্যকার সামরিক উত্তেজনা ও সংঘাত নতুন করে তীব্র রূপ ধারণ করেছে।