ঈদুল ফিতরের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায়
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১১, ২০২৬
রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামায়াত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামায়াত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
সভার সিদ্ধান্তে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামায়াতের আয়োজন করা হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামায়াত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজনের ব্যবস্থা করতে হবে।
আরও বলা হয়, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
























