উজ্জ্বল রহিমের একগুচ্ছ কবিতা

প্রকাশিত : আগস্ট ১১, ২০১৮

স্বাধীনতা

যেহেতু স্বাধীনতা যুদ্ধে
নাগরিকগণের বীরত্ব ফুটলো
অমূল্য জীবন দিলো দান,
যেহেতু বিপ্লবী উদ্দীপনায়
ভূখণ্ড হলো উদ্ধার রক্ত সাগরে,
সেহেতু ক্ষমতার উপর
নাগরিকগণের কার্যকর কর্তৃত্ব
পারস্পরিক সর্বোচ্চ ক্ষমতার অধিকারী
সংবিধান নিশ্চয়তাদের বিবেকের স্বাধীনতা
সশ্রদ্ধচিত্তে শপথ পাঠ,
অভ্যন্তরীণ কোন্দলে জাতি হয় বিপন্ন।

নীলমাছ

জালে আটকা পড়ে নীলমাছ
ছটফট বাঁচার আকুতি
কঠিন বাস্তব মুখোমুখি তার
অবশেষে ফিরে এলো জল
জলে জলে ভরে গেল সীমানা
দিগন্তরেখা দেখা দেয়ার
সাথে সাথেই কান্না তার থেমে গেল
হায় ইশ্বর,
তোমার রহস্য ভেদ খোলা গেল না

পথ

অনেক পথের পর
তুমি পাবে আলোর শহর
তুমি সেই শহরে গিয়া
তোমার অন্তর চোখ দিয়া
দেখতে পারবে আসল নকল
চিনতে পারবে সকল
কার কাছে কী দখল

বন্ধু

আমরা শেষবারের মতো আমাদের
প্রিয়জনের লাশ দেখি
মনে ফোটে তার জীবনচিত্র
খুব সহজেই বন্ধুদের থেকে
বন্ধুর বিদায়,
আমি বন্ধুর মুখ দেখি,
ছুঁয়ে দেখি, বন্ধু ঘুমায়

সাদা বিড়াল

আমাদের ঘরে রাতে অন্ধকারে
সাদা বিড়াল আসে, চোখ নীল
মনি তীক্ষ্ণ
চুপিসারে তার প্রিয় খাবার খোঁজে
ঘরের কেউ একজন জেগে উঠলে
দ্রুতই তার অচেনা পথ দিয়ে পলায়ন