এক ঘণ্টায় ইরানের সব সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৯, ২০২৬

এক ঘণ্টারও কম সময়ে ইরানের বেশির ভাগ সেতু ধ্বংস করে দিতে পারি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। তারা (ইরান) যদি চুক্তি না করে, তবে আমি ফিরে গিয়ে কাজ শেষ করব। আর আমি ১ ঘণ্টারও কম সময়ে তাদের বেশির ভাগ সেতু ধ্বংস করে দিতে পারি।”

তিনি আরও বলেন, “এক দিনের মধ্যে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখি। একটি দেশের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু তৈরি করা সবচেয়ে কঠিন ও সময়সাপেক্ষ কাজ। এগুলো একবার ধ্বংস হলে তা পুনর্গঠনে ইরানের বহু বছর বা যুগ লেগে যাবে।”

ট্রাম্প বলেন, “মানুষ চায়, আমি যেন এটা করি। তবে আমি মনে করি, প্রায় ৯ কোটি ১০ লক্ষ মানুষ বিদ্যুৎহীন, সংযোগহীন… এটা অত্যন্ত কঠিন পরিস্থিতি হবে। তাই আমার মনে হয়, যদি আমি এটা করা এড়াতে পারি, তবে আমি সেটাই করতে চাই।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “ইরানের সমুদ্রের পানি শোধনাগার আমি আক্রমণ করতে চাই না। সেখানে হামলা করলে সাধারণ নাগরিকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, যা আমি এড়াতে চাই।”