এক সপ্তাহে প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৩০ লাখ ডলার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২৬
ফেব্রুয়ারি মাসের প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসের প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলার।”
তিনি আরও বলেন, “গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।”
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা ইতিহাসে কোনো ১ মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে বিবেচিত।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
























