ওমর সাঈদের তিনটি কবিতা
প্রকাশিত : নভেম্বর ১১, ২০১৭
এপিটাফ
কোনও এক রোদ-উজ্জ্বল দুপুরে মিছিল থেকে ভুল করে যদি বাড়ি না ফিরি
যদি শাসকদের বুলেটে ঝাঁজরা হয়ে যায় শীর্ণ কালো এই দেহ
যদি এই দেহের টকটকে লাল রক্তে রঞ্জিত হয় রাজপথ
তবে "বিচার চাই" "বিচার চাই" শ্লোগানে মেতে উঠো না
একগুচ্ছ দাবি ছুড়ে দিও না রাষ্ট্রের তরে...
আমার লাশটাকে যেন গোছল না করানো হয়
রক্তমাখা পাঞ্জাবি যেন খুলে না নেয়া হয়
কিংবা জানাজা দিয়ে আমাকে যেন মৃত ঘোষণা করা না হয়
বরং আমার লাশটাকে রাজপথেই রেখে দিও
পৃথিবীর সাতশো কোটি মানুষের সামনে, যেন তারা
প্রতিনিয়ত আমাকে দেখে আঁতকে ওঠে।
মাতাল হবো
চন্দ্রাবতী...
আমি মাতাল হবো
তোমার নেশায়...।
নেশাগ্রস্থ এই আমায় তুমি ঠেলে দিও না
পরিত্যক্ত ওই প্রেমে।
আমি উত্তাল সমুদ্রের মাঝে অবলীলায় বিসর্জন দেব
লক্ষ বছরের পুষে রাখা বিপ্লব।
ছেড়ে দেব খুনি ঘোড়ার লাগাম।
লাগামহীন হয়ে দাপড়ে বেড়াবে পৃথিবীর বুকে।
এতে যদি রাষ্ট্র বিলীন হয়ে যায়,
কিংবা মৃত্যু ঘটে সভ্যতার,
তবে তার দায়ভার আমাকে দিও না।
তুমি বরং ছাদের কার্ণিশে এসে চন্দ্রপানে চেয়ে চন্দ্রাবতী হয়েই থেকো।
আমি মাতাল হবো
তোমার নেশায়।
ডাক
একজন বস্ত্র-বাসস্থান হীন অশিক্ষিত সৃষ্টিকর্তা
যখন রাষ্ট্রীয় নিয়মে রোজ একবেলা পাউরুটি
আর দু`বেলা ডিপ্রেশন খেয়ে চিকিৎসার অভাবে
মরে থাকে হসপিটালের বারান্দায়
তখন ভোট দিয়ে সরকার সিলেক্ট করার
যৌক্তিকতা কতটুকু
অথবা কোন তন্ত্র কায়েমের উদ্দেশে আপনি ভোট দেন
ডিয়ার জেন্টাল সোসাইটি?























