কথাসাহিত্যিক লিও তলস্তয়ের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৬

রুশ কথাসাহিত্যিক লিও তলস্তয়ের আজ জন্মদিন। ১৮২৮ সালের ৯ সেপ্টেম্বর রুশ সাম্রাজের তুলা প্রদেশের ইয়াস্নায়া পলিয়ানা নামক স্থানে তার জন্ম। তাকে রুশ সাহিত্যের শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়।

লিও তলস্তয় উপন্যাস ছাড়াও নাটক, ছোটগল্প এবং প্রবন্ধ রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। ১৯১০ সালের ২০ নভেম্বর রাশিয়ার আস্তাপভা নামক প্রত্যন্ত অঞ্চলের রেলওয়ে স্টেশনে তলস্তয় অসুস্থ হয়ে পড়েন এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান।

তার মৃত্যুর পর তার ইচ্ছানুসারে ১৯২৮ ও ১৯৫৮ সালের মধ্যবর্তী সময়ে তার সাহিত্যকর্ম ৯০ খণ্ডে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রকাশিত হয়, যার অর্ধেকাংশ তার দিনলিপি ও চিঠিপত্র।

নিজের চেষ্টায় অনেক ভাষা শিখেছিলেন তলন্তয়। তিনি লাতিন, ইংরেজি, আরবি, তুর্কো-তাতার, ইতালীয়, গ্রিক ও হিব্রু ভাষা জানতেন। তিনি সংগীতশাস্ত্র এবং চিত্রাঙ্কনবিদ্যায়ও পারদর্শী ছিলেন। তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি ভালো শিকারি এবং ভয়ঙ্কর একগুঁয়ে স্বভাবের ছিলেন।

একবার ভালুক শিকারে গিয়েছিলেন, একটা ভালুক থাবা মেরে চোখের নিচে থেকে বাঁদিকের গাল ছিঁড়ে নামিয়ে দেয়। দুই সপ্তাহ পর ভালো হয়ে তিনি ফের শিকারে যান এবং ওই ভালুকটিকে বধ করেন। বন্ধুবান্ধব বা সমাজ কী বলবে, সেদিকে ভ্রুক্ষেপ না করে যা উচিত এবং ন্যায্য বলে ভেবেছেন, তাই করেছেন সব সময়।

তলস্তয় শেষ বয়সে প্রায় সন্তের জীবনযাপন করতে চেয়েছিলেন। নিজের কাজ তিনি নিজ হাতে করতেন। এমনকি নিজে জুতা তৈরি করে পরতেন। চাষাভূষার মতো সাধারণ ও অল্প আহার করতেন। পরতেন ক্ষেতমজুরের পোশাক।