গাজা দখল করতে না পারলে ইস্তফা দিন, সেনাপ্রধানকে নেতানিয়াহু
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৫, ২০২৫
পুরো গাজা দখল করতে না পারলে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে ইস্তফা দিতে বললেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেনাপ্রধানকে পাঠানো লিখিত বার্তায় তিনি এ আহ্বান জানান।
বার্তায় নেতানিয়াহু লেখেন, “আমাদের মূল লক্ষ্য গাজার সম্পূর্ণ দখল। এজন্য উপত্যকার প্রতিটি অংশে অভিযান চালাতে হবে। এমনকি যেসব এলাকায় আমরা সন্দেহ করছি হামাস ইজরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে, সেখানেও সামরিক অভিযান করতে হবে। যদি আপনি এই লক্ষ্যকে সমর্থন করেন, তাহলে দায়িত্ব পালন করুন। নইলে ইস্তফা দিন।”
সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, “আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে, পুরো গাজা দখল করা। এটা আমরা আগে থেকেই জানি।”
সোমবার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র উল্লেখ করে এ তথ্য জানানো হয়।
এর আগে জানুয়ারিতে ইজরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি বলেন, “গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়নি। সেই ব্যর্থতার দায় স্বীকার করে আমি দায়িত্ব ছাড়ছি।”
হালেভির পদত্যাগের প্রায় ২ মাস পর চলতি বছরের মার্চে সেনাবাহিনীর শীর্ষ পদে আসেন ইয়ায়েল জামির।
আজ মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠকে বসেন নেতানিয়াহু। বৈঠকে গাজা থেকে ইজরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়।























