গুলজারের কবিতা

অনুবাদ: সঙ্গীতা দাশ

প্রকাশিত : মে ১৭, ২০১৮

হেমন্ত ১

দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল হেমন্ত
পোশাক থেকে কোনো পাতা ঝরেনি এখনো
হলদে পাতায় সোনালি রঙ ধরছে
সবার কান গৌতম বুদ্ধের মতো লম্বা লম্বা
মাত্র একটি ডাকের প্রতীক্ষায় সব:
`চলো, শাখা ছেড়ে দাও
ত্যাগ কর বন্ধন
এবার হাওয়া বুঝি বয়ে আনল তোমাদের মুক্তি!`

হেমন্ত ২

হেমন্ত ঝাড়ু নিয়ে পাতা কুড়িয়ে ফিরছে কেন গাছে গাছে
হেমন্তের কী হয়েছে?
ছুটে ফেরে পাগলের প্রায়
যেন হলুদ পাতার ওপর লেখা আছে গোপন বয়ান কোনো
মুছে ফেলতে চায়!

ভয়ে ভয়ে থাকে
বসন্ত এলে পড়ে নেবে সব।
ঋতুর জীবনকাব্য:
এ ক্ষণস্থায়ী, এ নশ্বর
চিরকালীন নয় কোনো ঋতু!

হেমন্ত ৩

যখনই হেমন্তে গাছ থেকে হলুদ পাতা
ঝরে পড়ে আমার উঠোনে
রাতে ছাদে উঠি
তাকিয়ে থাকি আকাশের দিকে

মনে হয় ম্লান হলুদ চাঁদও হয়তো
ওই পিপুলের শুকনো পাতার মতো
ভাসতে ভাসতে এসে এখনই নামবে আমার উঠোনে!

একাকী পাতা

একটি শাখায় বসেছিল সে
নিচে ছিল টলটলে পুকুর আর
পুকুরের ভিতরে আকাশ।
ভয় পেত সে ডুবে যাওয়ার
তাই...
সাঁতার দিল না, উড়ল না, ডুবল না
শাখায় বসে থেকে থেকে অবশেষে শুকিয়ে গেল!
একাকী একটা পাতা!