জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৩, ২০২৬
আজ রোববার স্থানীয় সময় ভোরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী টোকিওসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায়। এসময় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এই অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভূমিকম্পের কারণে সুনামির আশঙ্কা নেই।
প্রিফেকচারাল কর্মকর্তা এবং অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এই অঞ্চলের ৫টি প্রিফেকচারে অন্তত ৩৭ জন আহত হয়েছে। এর মধ্যে টোকিওতে ১৫ জন, সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৮ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে ১ জন।
আহতদের বেশির ভাগই ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পেয়েছে। কানাগাওয়া জেলার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোরের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিল। হঠাৎ ভূমিকম্প শুরু হলে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে অনেকে।
ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়েছে।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। দলটি বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ করছে।
এর আগে, গত মাসে জাপানের দক্ষিণতম দ্বীপ কিউশুর কুমামতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, এতে ৩৮ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়। সূত্র: এনডিটিভি
























