টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৯, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার ধলাটেংগর নামক স্থানে শুক্রবার রাত ৮টায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়।”

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, “কালিহাতী উপজেলার ধলাটেংগর নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে বাসটি থামে।”

তিনি আরও বলেন, “কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেল লাইনে বসে ছিল। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুজন নারী, দুজন পুরুষ ও এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।”