ট্রাম্প, মাখোঁ ও মেলোনির সঙ্গে সৌদি যুবরাজের আলাপ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৪, ২০২৫

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান-ইজরায়েল সামরিক অভিযান বিষয়ে শুক্রবার টেলিফোনে পৃথকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা করেছেন।

শুক্রবারের ফোনালাপে সংযম ও উত্তেজনা হ্রাসের গুরুত্বের ওপর জোর দিয়েছেন ট্রাম্প ও যুবরাজ। কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন দুই নেতা। এই অঞ্চলজুড়ে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তারা অব্যাহত যৌথ প্রচেষ্টার গুরুত্বও নিশ্চিত করতে একত্রে কাজ করার ব্যাপারে আলোচনা করেন।

সৌদি প্রেস এজেন্সির তথ্যানুসারে, শুক্রবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফ্রান্স ও ইতালির নেতাদের সঙ্গে এই অঞ্চলের শেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। ফোনালাপের সময় ক্রাউন প্রিন্স ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ইরানের ওপর ইজরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন।

এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পৃথক ফোনালাপে দুই নেতা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তা, সংযম অনুশীলন ও কূটনৈতিক উপায়ে সমস্ত বিরোধ সমাধানের ওপর জোর দেন।

শুক্রবার রাতে ইজরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। সেই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় ইজরায়েলের দিকে পঞ্চম ধাপে আজ শনিবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরই মধ্যে ইজরায়েলি বিমানবাহিনী (আইএএফ) ডেড সি ও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করেছে। ওই এলাকায় সতর্কতা সাইরেনও বেজে ওঠে। সূত্র: আরব নিউজ