ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৯, ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ‘নো কিংস’ শিরোনামে আয়োজিত এ বিক্ষোভ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো। আগের মতোই এবারও লাখো মানুষের অংশগ্রহণে বড় আকার ধারণ করে।

আয়োজকরা জানায়, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে তারা এই বিক্ষোভ করছে। এর মধ্যে রয়েছে ইরান ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। ট্রাম্প একজন শাসকের মতো আচরণ করতে চান। কিন্তু এটি আমেরিকা, এখানে ক্ষমতা জনগণের, কোনো রাজা বা ধনী গোষ্ঠীর নয়।

শনিবার দিনভর দেশটির প্রায় সব বড় শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলস উল্লেখযোগ্য।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিনকন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নেয় এবং ন্যাশনাল এলাকায় ব্যাপক জমায়েত হয়। বিভিন্ন ব্যানার, পোস্টার ও প্রতিকৃতি নিয়ে তারা মিছিল করে এবং ট্রাম্পসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানায়।

এবারের অন্যতম বড় সমাবেশ অনুষ্ঠিত হয় মিনেসোটা অঙ্গরাজ্যে। সেখানে ফেডারেল অভিবাসন অভিযানে নিহত দুই নাগরিক— রেনি নিকোল গুড ও অ্যালেক্স প্রেট্টির মৃত্যুর আগে থেকেই ক্ষোভ বিরাজ করছিল। তাদের স্মরণে হাজারো মানুষ স্টেট ক্যাপিটল ভবনের সামনে জড়ো হয়।

এই সমাবেশে সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন অংশ নিয়ে ‘স্ট্রিটস অফ মিনিয়াপোলিস’ গান পরিবেশন করেন, যা অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

অন্যদিকে টাইম স্কয়ারে এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। ম্যানহাটনের ব্যস্ত সড়কগুলোতে জনসমাগমের কারণে পুলিশকে যান চলাচল বন্ধ রাখতে হয়।