তানজিম ইসলাম
তানজিম ইসলামের কবিতা ‘তুমি বিষয়ক’
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২০
এক.
আমার মন খারাপের দিনে সমস্ত প্রার্থনা জেগে ওঠে তোমার দৃশ্যের রঙে আজ শ্লোগান নেই
নেই রাজনৈতিক কর্মসূচি তবু এ শহরের আকাশে আজ পাখিদের অনশন
আমি কেমন করে আজ রোদের মুখাপেক্ষি হবো!
দুই.
তোমার সকল ভাঙনপ্রবণ সীমানায় আমার বুকের ভেতর জমে ওঠা পাথরগুলো দিয়ে বাঁধ টেনে দেব, এই যে জোয়ার পাথরের গায়েই লিখে যাক যাবতীয় মুদ্রা...
সুরক্ষিত থাকুক গোপন শিলালিপি
তিন.
বিষণ্ণ মাঝির মতো নদীতে নেমে দেখি সাঁতার ভুলে গেছি... স্রোত বাড়ছে... তবুও আমি মন খারাপ পুষে রাখছি খেয়াঘাটে। এদিকে এ শহরের মায়ার বাকসো থেকে চুরি গেছে যথাযথ আবেগ... এ শহরে তুমি কাঁদছ... তুমি দ্বিধাবতী
তোমার অভ্যন্তরে কোনও পাথর জমছে না...
চার.
ঢাকার বাতাসের ধুলোর মতন ঢুকে যাচ্ছ ভিতরে... দূষণের হিসাব বাদ দিয়েছি... তুমি আঁকড়ে থাকো অভ্যন্তরে... ফুসফুস কিংবা হৃৎপিণ্ড ক্ষয়ে যাওয়ার কথা ভাবছি না...
পাঁচ.
কী এক বিষণ্ণ বিকেলে তোমার অবহেলাগুলো আমাকে করে তোলে টনসিলের রোগী... আমি ঢোঁক গিলতে পারি না... তোমার সময় বরাদ্দের দেবি এখন ভীষণ কৃপণ... ভাবছি, ছাড় দিতে দিতে ছাড়পোকা হয়ে যাব বাসা বাঁধব তোমার সিঁথানে... গায়ে জড়ানোর কাঁথায়...























