তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে লাখ লাখ ইজরায়েলি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৮, ২০২৫

তেলআবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়েছে বলে রোববার বিবৃতিতে জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়। লাখ লাখ ইজরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। ইজরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, “এ অভিযান চালানো হয় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়। পাশাপাশি আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাবে।”

তিনি আরও বলেন, “গাজায় ২ বছর ধরে যা চলছে তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইজরায়েলি শত্রুর হাতে ঝরছে। গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ ও অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

জেনারেল সারি উল্লেখ করেন, “ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়।” সূত্র: মেহের নিউজ