ত্রাণ নিতে অপেক্ষায় থাকা ১০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ২৯, ২০২৫
ত্রাণ নিতে অপেক্ষায় থাকা ১০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইজরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ গাজার রাফায় অবস্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) বিতরণ কেন্দ্র থেকে হাজার হাজার ক্ষুধার্ত ফিলিস্তিনির সাহায্যের জন্য ছুটে আসার একটি মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়। এর একদিন পর এই হত্যকাণ্ডের তথ্য প্রকাশ করল কর্তৃপক্ষ।
গাজার সরকারি মিডিয়া অফিস বিবৃতিতে জানায়, ত্রাণ বিতরণ স্থানে ইজরায়েলি সেনাবাহিনী সহায়তা নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। যার ফলে কমপক্ষে ৬২ জন আহত হয়।
তবে ঠিক কতজনের ওপর গুলিবর্ষণ হয় বা কোনদিনে ১০ ফিলিস্তিনিকে গুলি করা হয়, তা স্পষ্ট নয়। এ হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে অভিহিত করে মিডিয়া অফিস বলেছে, এই স্থানগুলো দখলদার বাহিনীর গুলিতে মৃত্যুফাঁদে রূপান্তরিত হয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান এ ঘটনার নিন্দা করেছেন এবং ইজরায়েলকে জাতিসংঘ-সমর্থিত মানবিক ব্যবস্থাকে এখনই জীবন রক্ষাকারী কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। ১৯ মাস ধরে অব্যাহত এ হামলায় ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ২২ হাজারের বেশি ফিলিস্তিনি। সূত্র: আল জাজিরা






















