দুই কবির ভালোবাসার কবিতা

প্রকাশিত : ডিসেম্বর ১৩, ২০১৯

সৈয়দ মুনির হোসেন

সেই হারিয়ে যাওয়া বছর

মনে পড়ে সেই বছরটার কথা
যে বছরে নতুনভাবে তোমাকে খুঁজে পেলাম
মনে পড়ে মে মাসের এক সন্ধ্যা
যেদিন তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে
ধূলিস্যাত হলো মিথ্যে অহংবোধ
অপাপবিদ্ধ এক তরুণীর চোখের গভীর জিজ্ঞাসায়।
মনে পড়ে জুলাই মাসের কাকডাকা এক ভোরের শুরু
সারারাত্রির ক্লান্তি দূর হয়ে গিয়েছিল মুহূর্তে,
ভোরের স্নিগ্ধ আলোয় এক নারীর উপস্থিতিতে।
মনে পড়ে অক্টোবর মাসের ঝমঝম এক বৃষ্টির দিন
ভালোবাসার টানে সাহসী এক তরুণীর নতুন পথ চলা।
মনে পড়ে এক রহস্যময়ীকে আবিষ্কার করার ক্ষণ

মনে পড়ে যায় নভেম্বর মাসের এক থমথম গুমোট দিন,
মায়াবতীর উথাল-পাথাল ভালোবাসায় স্নাত হওয়ার মুহূর্ত।
আজ অনেক বছর ধরে আমি খুঁজছি সেই হারিয়ে যাওয়া বছরের
দীপ্ত মমতাময়ী ভালোবাসার নারীকে।

কেন যেন কোথাও খুঁজে পাচ্ছি না, তবে আমি কি তাকে
হারিয়ে ফেলে অন্ধকারে নিমজ্জিত হচ্ছি!
হঠাৎ এক ঝলক আলো, চকিত মুহূর্তের ভগ্নাংশে—
তার হারিয়ে যাওয়া সেই রূপ কি আবার দেখলাম?
প্রহরগুলো পার করছি হারিয়ে যাওয়া বছরের সেই মায়াবতীর অপেক্ষায়...

সৈয়দ রিয়াদ হোসেন আকাশ

জ্যোৎস্না নারী

জ্যোৎস্নার আলো, মৃদু বাতাস বয়ে চলেছে তোমার দিকে
পেলব জ্যোৎস্নার মতো তোমার হাসি দেখে খুন হয়ে গেছি প্রিয়তমা
আকাশের চাঁদ শীতের কুয়াশায় ফেলে গেছে তার ছায়া
আর আমি তোমার দিকে চেয়ে ভেবেছি, রবীন্দ্রনাথ
শুধু তোমার জন্যেই গানটান যাকিছু, সব লিখেছিলেন

এসো, এবার ভেসে যাওয়া যাক
বাতাসের ডানায় ভর দিয়ে উড়ে যাব চাঁদের গহ্বরে
এই পৃথিবী কাঁপছে দ্যাখো শয়তানের নৃত্যে
এখানে এখন আর কেউ কারো সাথে প্রেম করে না
বাজার থেকে সস্তা দামে প্রেমের মুখোশ কিনে তারা হাসছে
ঘুরছে নিজেরই ছায়ার পিছু পিছু, চলো
এইবার আমরা প্রেম করি...