দুঃখবাদী কবি আবুল হাসানের আজ আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৪, ২০২৫
দুঃখবাদী কবি আবুল হাসানের আজ আজ জন্মদিন। তার প্রকৃত নাম আবুল হোসেন মিয়া, আর সাহিত্যিক নাম আবুল হাসান। তিনি ষাট দশকের জনপ্রিয় কবিদের একজন এবং সত্তুর দশকেও গীতল কবিতার জন্য উল্লেখযোগ্য জনপ্রিয়তা লাভ করেন।
গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে ১৯৪৭ সালের ৪ অগাস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তার পিতা আলতাফ হোসেন মিয়া ছিলেন একজন পুলিশ অফিসার।
আবুল হাসান ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি পাশ করেন। এরপর বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ শ্রেণিতে ভর্তি হন, কিন্তু পরীক্ষা শেষ না করেই ১৯৬৯ সালে দৈনিক ইত্তেফাকের বার্তাবিভাগে যোগদান করেন। পরে তিনি গণবাংলা (১৯৭২-১৯৭৩) এবং দৈনিক জনপদ-এ (১৯৭৩-৭৪) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আবুল হাসান অল্প বয়সেই একজন সৃজনশীল কবি হিসাবে খ্যাতিলাভ করেন। মাত্র এক দশকের কাব্যসাধনায় তিনি আধুনিক বাংলার ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করেন। আত্মত্যাগ, দুঃখবোধ, মৃত্যুচেতনা, বিচ্ছিন্নতাবোধ, নিঃসঙ্গচেতনা, স্মৃতিমুগ্ধতা ও মুক্তিযুদ্ধের চেতনা আবুল হাসানের কবিতায় সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। ১৯৭০ সালে এশীয় কবিতা প্রতিযোগিতায় তিনি প্রথম হন।
আবুল হাসানের প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে, কবিতা: রাজা যায় রাজা আসে (১৯৭২), যে তুমি হরণ করো (১৯৭৪), পৃথক পালঙ্ক (১৯৭৫)। গল্প: আবুল হাসান গল্পসংগ্রহ (১৯৯০)। কাব্যনাট্য: ওরা কয়েকজন (১৯৮৮)। সংকলন: আবুল হাসান রচনাসমগ্র।
আবুল হাসান ১৯৭৫ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮২ সালে একুশে পদক অর্জন করেন।
ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৭৫ সালের ২৬ নভেম্বর আবুল হাসান অল্প বয়েসে শেষনিশ্বাস ত্যাগ করেন।























