ধর্মের ভিত্তিতে কাউকে বিবেচনা করি না: জামায়াত আমির
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ২৫, ২০২৫
ধর্মের ভিত্তিতে কাউকে বিবেচনা করি না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার মৌলভীবাজারের কুলাউড়ায় আয়োজিত চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে যেখানে একটি ইতিহাস তৈরি হবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবেন। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট আরেকজন দিয়ে এসেছে। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে নানা প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতকে মানবিক করিডোর না দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।”
জামায়াতে আমির বলেন, “চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে। সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব। চা শ্রমিকদের উদ্দেশে বলতে চাই, আপনার ডাক দিতে সময় লাগবে, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে না। আমরা সবাই এ দেশের মালিক।”
উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।
চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও ডা. শফিকুর রহমান সকালে উপজেলার ব্রাহ্মণবাজারে একটি কমিউনিটি সেন্টারে মহিলা সমাবেশে, দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এছাড়া বিকেল ৫টায় শমশেরনগরে, সন্ধ্যা ৭টায় শরীফপুরে এবং রাত সাড়ে ৮টায় হাজীপুরে পৃথক মত বিনিময় সভা ও সমাবেশে যোগ দেন জামায়াত আমির।






















