ধানহাটিতে মূর্ছা যাওয়া কৃষকের গান
কামরুজ্জামান কামুপ্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০১৭
ধানের চারাটি রোপন করিয়া দেশে
কৃষক ভাইটি মারা গেল অবশেষে
এক মণ ধানে এক সের হায় গোস্ত
নাভি ছিঁড়ে খা রে নাভি ছিঁড়ে খা রে দোস্ত
কাদায় মাটিতে এই ধুধু প্রান্তরে
শূন্য বাতাস একা ক্রন্দন করে
দিশাহারা বুকে হাট থেকে ফিরে ঘরে
কী জবাব দিবে হৃদয় কাঁদিয়া মরে
মেয়েটা এবার কলেজে উঠেছে সবে
টাকার বিহনে কেমনে সে বড় হবে
ছেলেটাও যাবে গড্ডালিকায় ভেসে
বুকভাঙা এই সোনার বাংলাদেশে
হাহাকারে তার আকাশ গলিয়া পড়ে
বউটি ও ঘরে ফাঁসি দিয়ে যায় মরে
এবার কী হবে ধানের জমির কোণে
বসিয়া কৃষক ভাবিছেন মনে মনে
যাহারা তোমার উদরপূর্তি করে
তব রোষানলে তাহারাই কেন মরে
বল দয়াময় বল হে বঙ্গত্রাতা
তবু এ কৃষক নয় কেন তোর ভ্রাতা
এত এত তোর কত লাগে আর মাগো
জাগো হে জনতা জননেন্দ্রিয় জাগো























