প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নরেন্দ্র দেবের কবিতা ‘পথের মাঝে’

প্রকাশিত : জুলাই ০৭, ২০২৬

কবি নরেন্দ্র দেবের আজ জন্মদিন। ১৮৮৮ সালের ৭ জুলাই কলকাতায় তার জন্ম। তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তার লেখা বিখ্যাত কবিতা ‘পথের মাঝে’ পুনর্মুদ্রণ করা হলো—

বেরিয়ে যখন পড়েছি ভাই
থামলে তো আর চলবে না,
হিমালয়ের বরফ জেনো
ঘামবে তবু গলবে না।

সামনে চেয়ে এগিয়ে চলো
ভয় পেয়ো না বাদলাতে,
পয়সা যদি ফুরিয়ে থাকে
চালিয়ে নেব আধ্লাতে।

উপোস করে চলব তবু
কিছুর ভয়ে টলব না,
মনের কথা লুকিয়ে মুখে
শত্রুকে আর ছলব না।

বিঁধছে কাঁটা? ফুটছে কাঁকর?
ফুটুক তবু ছুটব হে,
ইন্দ্রদেবের স্বর্গটাকে
সবাই মিলে লুটব হে।

চাঁদের ঘরে কী ধন আছে
উটকে চলো দেখব রে,
ধাক্কা দিয়ে তারায় তারায়
সূর্যে গিয়ে ঠেকব রে।