পণ্ডিতমূর্খগণ চুমু দিতে জানে না

চয়ন খায়রুল হাবিব

প্রকাশিত : আগস্ট ২৫, ২০১৮

হয়তো কোনোমতে ঠেলে ঠেলে পেয়ে গেলে অন্তমিল
কিন্তু চুমুর শৃঙ্গার তাহার চাইতে আরো অনেক জটিল

মনে নাই কি সেই মুহাম্মদ শহীদুল্লাহ
ফ্রেঞ্চ কিসের রাজধানী প্যারিসে আসিয়াছিল চর্জার লিল্লায়
তারপর শিল্পপণ্ডিত পুত্রকে জানায়েছিল
তোমার মুর্তজাতে মূর্খের ঊকার বসাইও না
কিন্তু নিজের আশরাফি ঈকার আমৃত্য বহাল

চারিদিকে পণ্ডিতমূর্খগণ এবং চুম্বনহীন ছড়াকারীর জঞ্জাল

কামসূত্রের দেশে একসময় চুম্বন ছিল
কিন্তু লেখালেখি আর প্রকৃত চুমাচুমি যে এক নয়
তা বুঝেশুনে রবীন্দ্রনাথ
১৪৮ বার সংস্কৃতে লিখেছিল `চুম্বন`, ২ বার চলতিতে `চুমু`
`সঙ্গম` শব্দটা মাত্র চারবার
রতিলীলায় এই যে ভাষার আড়াল
তাতে নাজেহাল ঋষিকবি
কঠিন এক দুরান্বয়ি ভাষায় করেছিল অভিলাষ ও আক্ষেপ নির্মাণ:

সঞ্চিত মদন বেদন এর সোজা বাংলা মাল মাথায় ওঠা
যাহা প্রকৃত রসালো চুমু
তাহা হয় বিনয় মজুমদার আঁকা নমশুদ্র মংটুর ভুট্টা
উঁচুতলার গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের রুঠা ঠোঁটে হারায়
বর্ষা ভেজা জোড়াসাকোর নিচতলার কাদম্বরির নীরব অবহেলা
বর্ণাশ্রম থেকে ব্রাহ্ম সমাজে বদলায়নাকো দেহছন্দের মেলা

এরপর কিসিং গোরামিদের সাথে কবি চয়নের পোকি পোকি খেলা
জাপানি বালিশ কথন মাখামাখি পিকাসোর ত্রিকোণ চুম্বন আঁকাআঁকি
জিহবা ছোঁয়ার আগে ঠোঁট গলে যায়
আলজিহবা ছাড়ায় আত্মা বেহেস্তে লুকায়

গড়ায় গড়ায় পাহাড়ি ছড়া থেকে সমতলের ঝর্নায়
বর্ণনাতীত মেওয়া আর লৌকিকতার জামরুল কামরাঙ্গায়
আরো নানা জানা অজানা জলপাই আর বেরির বিশ্ব পরম্পরায়
মিরাবো সেতু থেকে বাংলার বিলের বুকে বাঁশের সাঁকোতে
চুমুরসায়নের চুমুফুলের চুমুফলের চুমুমঞ্জরির
দান্তে আলিগিয়েরির না পাওয়া বিয়াত্রিসের আলকেমি খুঁজে খুঁজে
ওস্কার ওয়াইল্ডের মাজারের উড়ন্ত ভাস্কর্যে টকটকে লাল লিপস্টিক
সে কি সমকামী না কি উভকামী দেহঘড়ির চোদ্দতলা গোপন টিকটিক
সে কি চুমুর নিদান না কি ঋণখেলাপি দেহছন্দের সুদাসল সম্প্রদান

সাত আসমানের চান্দের গাড়িতে জয়দেব শাপ্যকে গীতগোবিন্দ শুনায়
সুরাইয়ার ঠোঁটের গহীনে তরুণ আবুল হাসানের সর্বশেষ কাব্যসুধা  
কারোই কিন্তু মিটেনাকো ক্ষুধা মিটেনাকো তিয়াস
চুমুর দাবিতে সন্ত্রাস চুমু চাই মিছিল না দিলে ইনবক্সে হরতাল
এরকম একটা বেসামাল পরিস্থিতিতে ব্যাকরণ খোঁজ করা মানে
যা পাই না যা পারি না তার হাহুতাশকে গলা টিপে মারা
পণ্ডিতের পুলিশি দণ্ড থেকে দূরে বাড়ে চুমু নামে প্রকৃতির গোবেচারা
বেচারা চুমুর চারা কিন্তু তড়পায় আমাদের লালায় আমাদের ঘামে
প্রত্যেকের দেহতাত্ত্বিক জিল্লতে প্রত্যেক বাঙ্গালির আদিবাসী নৃতত্ত্বে

দিনভর রাতভর আমরা একে অপরকে চুমাইলে
দিনভর রাতভর আমরা একে অপরকে চুমাই
ঠোঁটে ঠোঁট ঘঁষে আমরা আবহাওয়ার কুশল সুধাইলে
ঠোঁটে ঠোঁট ঘঁষে আমরা আবহাওয়ার কুশল সুধাই
মাইলকে মইল লম্বা বালিয়াড়ির অন্তরে গরম বেশরম বালুর চুম্বকি   
চুমাচুমির নেকি আদায়ের পর নেকভক্ত মানুষের মহামুক্তি মিলে
চুমাচুমির নেকি আদায় ছাড়া নেকভক্ত মানুষের পরিত্রাণ নাই

তাই তুমি আমাকে চুমু দিতে চাও আমি তোমাকে চুমুর সোয়াদ দিতে চাই

২৪/০৯/১৭
ব্রিটানি