পরিবহন, পর্যটনসহ ইরান-পাকিস্তানের ১২ চুক্তি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৪, ২০২৫

রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। এ সময় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

লাহোর সফর শেষে রোববার সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। পরে দেশ দুটির উচ্চপদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইরান ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১২টি চুক্তি স্বাক্ষর করেন। দুই প্রতিবেশীর মধ্যে স্বাক্ষর করা চুক্তিতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, বিচার, শিল্প, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও কৃষি খাতে সহযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরানি প্রেসিডেন্ট বলেন, “প্রিয় পাকিস্তানে এসে আমি খুবই আনন্দিত। এদেশ আমার দ্বিতীয় ঘর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।”

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, “ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় ইরানের প্রতি পাকিস্তান সরকারের, সংসদের, রাজনৈতিক দলগুলোর এবং আলেম সমাজের সমর্থন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল।”

তিনি বলেন, “দুই দেশের মধ্যে বর্তমানে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য বিদ্যমান, যা স্বল্প সময়েই ১০ বিলিয়নে উন্নীত করা সম্ভব। বাণিজ্য, পর্যটন, যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।” সূত্র: তেহরান টাইমস