ফয়জুন্নেসা মণির গুচ্ছকবিতা
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০১৮
প্রেমের ঋণ
হঠাৎ আঁধারে আলো খেলা
দু’চোখ জুড়ে প্রেমের বর্ণমালা।
সন্তর্পণে লুকানো আবেগ
কবিতার পাখা মেলে
ছুঁয়ে গেছে তোমার হৃদয়ের
শিশির ভেজা ঘাসের উঠোন
টের যদিও পাওনি প্রিয় তুমি
ভালবেসে করেছ আমায়
জনমের ঋণী।
কাকে বলো তুমি ফিরে যেতে
তুমি কাকে বল ফিরে যেতে?
ধ্বংস মায়ার প্রান্ত ছুঁয়ে
এখনো ঝরে পড়ে মুমূর্ষের আর্তনাদ
কলহীন নদীতে ভাঙনের খেলা;
আকাশ দেখে অট্টহাসিতে ফেটে পড়ে
প্রজাপতিরা কানাকানি করে।
শুনেছি, আমি চলে গেলে একটি দিনও তুমি ভাল থাকো না
মাতাল বাতাস এসে
পাট গাছগুলোকে পলকে মাটিতে শুইয়ে দ্যায়,
একটিবার তুমি তাকিয়েও দ্যাখো না
দুর্ভেদ্য ভালবাসা আঙুলের প্যাঁচে বেঁধে
মাটিতে মাদুর পেতে জুবুথবু হয়ে
তুমি দাশ ফেরে চাও-
আলোটাকে দেখো না কখনো
ভালবাসার উত্তাপে শিহরিত হয়ে
দিগ্বিদিক ছুটে চলে ইতস্তত
এক বুনো হরিণ অস্থির- দুশ্চিন্তাগ্রস্ত থেকে
তুমি জেনেও তাকে পথ দেখিয়ে দিতে উদ্যত
হও না মোটেও
শ্রাবণের বৃষ্টি মনে হয় যার কাছে নিরর্থক প্রাপ্তি;
সেই তুমি আজ কাকে বল ফিরে যেতে























